ইউক্রেনে যুদ্ধবিমান পাঠালে পোল্যান্ডের পাশে থাকব: ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, পোল্যান্ড যদি ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে পোল্যান্ডকে সমর্থন করবে যুক্তরাজ্য।
তবে তিনি সতর্ক করে দিয়েছেন, এ সিদ্ধান্ত পোল্যান্ডের জন্য সরাসরি পরিণতি ডেকে আনতে পারে।
আজ মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেন ওয়ালেস স্কাই নিউজকে বলেন, 'আমি পোল্যান্ডকে সমর্থন করব, তারা যাই করুক না কেন। তবে যুক্তরাজ্য ইউক্রেনীয়দের ব্যবহারের জন্য সরাসরি যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব দিতে পারে না।'
তিনি বলেন, 'আমরা পোল্যান্ডকে রক্ষা করব, তাদের যে সহায়তাই লাগুক না কেন করব। পোল্যান্ডকে বুঝতে হবে যে, ইউক্রেনকে সরাসরি সহায়তা করা ভালো বিষয়, তবে এমন সিদ্ধান্ত পোল্যান্ডকে রাশিয়া ও বেলারুশের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে।'
ইতোমধ্যে ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্রের পাশাপাশি অন্যান্য সামরিক ও মানবিক সহায়তা দিয়েছে যুক্তরাজ্য।
ইউক্রেনকে আরও যেসব উপায়ে সামরিক ও মানবিক সহায়তা দেওয়া যায় এবং এ বিষয়ে ব্রিটিশ সরকার অন্য দেশগুলোকে যেসব উদ্যোগ গ্রহণের আহ্বান জানাবে, সেসব বিষয় নিয়ে আগামীকাল পার্লামেন্টে একটি বিবৃতি দেবেন বলেও জানান ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী।