ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার বড় অভিযানের প্রস্তুতি
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া 'বড় পরিসরে' অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন আক্রান্ত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আজ সোমবার ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন মতে, গতকাল জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে 'আরও বড় পরিসরে হামলা' চালানোর জন্য সে দিকে জড়ো হচ্ছে।
এ কারণে রুশ আগ্রাসনের পর চলতি সপ্তাহটিকে ইউক্রেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।
গতকাল রোববার কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি জানায়, নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, পরবর্তী ধাপের যুদ্ধ আরও বড় আকারে হতে পারে।
আগামী কয়েক দিনের মধ্যে তা শুরু হয়ে যেতে পারে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, আশঙ্কা করা হচ্ছে— পুরোদমে যুদ্ধ বাধলে ইউক্রেনের শহরগুলো ধুলোয় মিশে যাবে, হাজারো মানুষের প্রাণহানি হবে এবং অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে রাশিয়া বহির্বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।
এর আগে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, স্যাটেলাইট ইমেজে দেখা গেছে রুশ সামরিক বহর ইউক্রেনের পূর্ব দিকে সরে যাচ্ছে।
গত শুক্রবার ম্যাক্সার টেকনোলজির নতুন ইমেজে দেখা যায়, ১৩ কিলোমিটার দীর্ঘ রুশ সেনাবহর ইউক্রেনের পূর্বে দনবাস অঞ্চলের ভেলিকি বুরলুক শহরের দিকে যাচ্ছে। এই শহরটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে পূর্ব দিকে প্রায় ৯০ কিলোমিটার দূরে।
সম্প্রতি বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ সেনারা কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে তুমুল প্রতিরোধের মুখে পড়লে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। আরও ক্ষতি থেকে 'মুখ বাঁচাতে' রুশ সেনারা ইউক্রেনের পূর্ব দিকে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলের দিকে চলে যাচ্ছে।
এদিকে, আজ সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ চেচেন নেতা রমজান কাদিরভ বলেছেন, 'প্রথমে ইউক্রেনের পূর্বাঞ্চলে লুহানস্ক ও দোনেৎস্ককে পুরোপুরি স্বাধীন করা হবে। এরপর রাজধানী কিয়েভসহ অন্য শহরগুলো দখল করা হবে।'