‘ইউক্রেনের পাশে আছে ইসরায়েল’
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ইসরায়েল দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। রুশ হামলায় আহতদের জন্য ইসরায়েল ইউক্রেনে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে এবং এই যুদ্ধের অবসান ঘটাতে যা যা করা সম্ভব তা করছে।
জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর আজ রোববার যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বেনেট বলেন, 'দুর্ভোগ কমাতে এবং রক্তপাতের অবসানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পশ্চিম দিকে ইউক্রেনের অভ্যন্তরে সবচেয়ে উন্নত ফিল্ড হাসপাতাল স্থাপনের জন্য আমরা ইতোমধ্যেই আমাদের শীর্ষ মেডিকেল টিম পাঠিয়েছি।'
'আমাকে জানানো হয়েছে, তারা ইতোমধ্যে ৫০০ জনের বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে। এই মুহূর্তে ডাক্তার ও নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাঁচাতে চলেছেন। ইসরায়েল যা করছে, তাতে আমি গর্বিত', যোগ করেন তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, 'এই যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় অবদান রাখার ক্ষেত্রে যা যা করা সম্ভব হচ্ছে, আমরা করছি। আমরা যুক্তরাষ্ট্র এবং আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করছি।'
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বেনেটের সঙ্গে বৈঠকের সময় ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেন-রাশিয়া সংঘাত অবসানে মধ্যস্থতার ক্ষেত্রে ইসরায়েলের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।