ইউক্রেনের ডাকে যুদ্ধে যেতে সাড়া দিলেন ৩ হাজার মার্কিনি

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বিদেশি স্বেচ্ছাসেবকদের উদ্দেশে ইউক্রেনের আহ্বানে প্রায় ৩ হাজার মার্কিনি সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনীয় দূতাবাসের এক প্রতিনিধি।

আজ রোববার বিবিসি জানায়, ইউক্রেন দূতাবাসের ওই প্রতিনিধি মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

পশ্চিমা দেশগুলো ইউক্রেনের মাটিতে যুদ্ধের জন্য সেনা পাঠাচ্ছে না, কিন্তু দেশটিকে সাহায্যের জন্য অস্ত্র সরবরাহ করছে।

তারা রাশিয়া এবং দেশটির নেতাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করেছে।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা যুদ্ধে সাহায্যের জন্য বিদেশি স্বেচ্ছাসেবকদের একটি 'আন্তর্জাতিক সেনাদল' গঠনের আহ্বান জানান।

সেসময় জেলেনস্কি ইউরোপ এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে ১৬ হাজার স্বেচ্ছাসেবককে 'আন্তর্জাতিক সেনাদল'-এ যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।