ইউক্রেনের জন্য তৈরি নতুন মার্কিন ড্রোন ‘ফিনিক্স গোস্ট’
নতুন করে ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্রের মধ্যে আছে নতুন এক ধরনের শক্তিশালী ড্রোন, যার নাম 'ফিনিক্স গোস্ট'।
আজ শনিবার রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, মার্কিন সংস্থা অ্যাভেক্স অ্যারোস্পেসের উৎপাদিত এই ড্রোনগুলো ইউক্রেনের পূর্বে দনবাস অঞ্চলের সমতল এবং খোলা ভূখণ্ডে লড়াইয়ের জন্য উপযুক্ত। এই ড্রোনগুলো দনবাস অঞ্চলে এখন খুব প্রয়োজন।
কিরবি সাংবাদিকদের বলেন, 'কোনো ধরনের বিশেষ সুযোগ-সুবিধা ছাড়াই গোস্ট ড্রোনগুলো সমতল এবং খোলা অঞ্চলে ওঠানামা করতে পারে। এই ড্রোনগুলো মূলত হামলা করাই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।'
অনবোর্ড ক্যামেরা দিয়ে সজ্জিত ড্রোনগুলো এখনো ইউক্রেনে সরবরাহ করা হয়নি বলে জানান তিনি।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ইউক্রেনকে ১২১টি ফিনিক্স গোস্ট ড্রোন দেবে যুক্তরাষ্ট্র।
তুর্কি বায়রাক্টার টিবি-২ এবং মার্কিন-তৈরি সুইচব্লেডের মতো ড্রোনগুলো এখন পর্যন্ত রুশ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তবে ফিনিক্স গোস্ট ড্রোনগুলোর পরিসীমা এবং সুনির্দিষ্ট ক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
কিরবি অবশ্য বলেছেন, 'এই ড্রোনগুলো দিয়ে আশেপাশের ছবি তোলা যাবে। তবে এর মূল ফোকাস হলো আক্রমণ।'
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার আগেই এই ড্রোনগুলো নিয়ে কাজ শুরু হয় উল্লেখ করে তিনি বলেন, 'ইউক্রেনের প্রয়োজনের ভিত্তিতে এই ড্রোনগুলো আরও উন্নত করা হবে।'
পেন্টাগন জানিয়েছে, গোস্ট ড্রোনগুলো প্রশিক্ষণ সুইচব্লেডের প্রশিক্ষণের মতোই হবে।
তবে প্রশিক্ষণের পরিকল্পনা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই ড্রোন বিষয়ে কতজন ইউক্রেনীয়কে প্রশিক্ষণ দেওয়া হবে তাও জানা যায়নি।