ইউক্রেনকে পোল্যান্ডের মিগ-২৯ দেওয়ার প্রস্তাব নাকচ করল যুক্তরাষ্ট্র

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনকে সহায়তার জন্য জার্মানিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধ বিমান স্থানান্তর করতে চায় ন্যাটোর মিত্র পোল্যান্ড। পোল্যান্ডের এই প্রস্তাবে অনেকটাই আশ্চর্য প্রকাশ করে তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

আজ বুধবার রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ইউক্রেনে দ্রুত অস্ত্র সরবরাহ করতে চায়। তবে পেন্টাগন বলেছে, ন্যাটো অঞ্চল থেকে যুদ্ধ বিমান উড়ালে তা 'পুরো ন্যাটো জোটের জন্য গুরুতর উদ্বেগের কারণ হবে'।

ন্যাটো জানিয়েছে, তারা পারমাণবিক অস্ত্রধারী রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত চায় না। জো বাইডেনও যুদ্ধের জন্য ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি পোল্যান্ডের প্রস্তাবের বিষয়ে বলেছেন, 'তাদের যুক্তি পরিষ্কার নয়। তারা কেন এটি চাচ্ছে তা আমরা বুঝতে পারছি না।'

তিনি বলেন, 'আমরা পোল্যান্ড এবং আমাদের অন্যান্য ন্যাটো মিত্রদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবো। এটি সবার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আমরা পোল্যান্ডের প্রস্তাবটি কার্যকর বলে বিশ্বাস করি না।'

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে, তারা জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে তাদের মিগ-২৯ জেট মোতায়েনের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র অনুমোদন দিলেই তারা তা করবে। জোটের অন্যান্য সদস্যদেরও একই কাজ করার অনুরোধ জানায় পোল্যান্ড।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকরা জানিয়েছেন, পোল্যান্ডের প্রস্তাব যুক্তরাষ্ট্রকে অবাক করেছে।

সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির শুনানিতে স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, 'পোল্যান্ড এই যুদ্ধবিমানগুলো যে আমাদেরকে দেবে সে বিষয়ে পূর্বে কোনো আলোচনা করেনি। আমি মনে করি পোল্যান্ডে জন্য এই উদ্যোগ আশ্চর্যজনক।'