ইউক্রেনকে দেখে মনে হচ্ছে তাদের শান্তি আলোচনার প্রয়োজন নেই: রাশিয়া
রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, রাশিয়া ২ দিন আগে ইউক্রেনকে শান্তিচুক্তির একটি খসড়া নথি পাঠালেও এখনও মস্কো কিয়েভের কাছ থেকে ওই প্রস্তাবের কোনো উত্তর পায়নি।
কিয়েভের অবস্থান দেখে রাশিয়ার মনে হচ্ছে, ইউক্রেন আদৌ শান্তি আলোচনার কোনো প্রয়োজন বোধ করছে না।
আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে লাভরভ এ কথা বলেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
কিয়েভের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে এ সময় লাভরভ বলেন, ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহকারীদের বক্তব্য তার কাছে 'খুবই অদ্ভুত' লাগছে। এসব বক্তব্য শুনে তার মনে হচ্ছে, তাদের আলোচনার আদৌ প্রয়োজন নেই।
রাশিয়া সম্প্রতি শান্তিচুক্তির খসড়া পাঠানোর পর ইউক্রেন প্রাপ্তি নিশ্চিত করে বলেছিল, প্রস্তাব পর্যালোচনা করে দেখা হচ্ছে। যদিও, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি মস্কোর প্রস্তাব সম্বলিত কোনো নথি দেখেননি।
চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা আলেক্সি আরেস্তোভিচ বলেছিলেন, রাশিয়ার সেনারা বন্দরনগরী মারিউপোলে হামলা অব্যাহত রাখলে মস্কোর সঙ্গে তাদের শান্তি আলোচনা বন্ধ হয়ে যেতে পারে।
এরপর গত মঙ্গলবার জেলেনস্কির সহযোগী মিখাইল পোডোলিয়াক বলেন, আলোচনা পুনরায় শুরু করার কোনো নির্দিষ্ট তারিখ এখনো ঠিক করেননি তারা।