ইউক্রেনকে খসড়া চুক্তিপত্র পাঠিয়েছে রাশিয়া: ক্রেমলিন
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের কাছে রাশিয়া একটি খসড়া চুক্তিপত্র পাঠিয়েছে এবং 'বল এখন ইউক্রেনের কোর্টে'।
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অচলাবস্থার মধ্যে আজ বুধবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
পেসকভ বলেন, 'রাশিয়া ইউক্রেনের কাছে একটি খসড়া নথি জমা দিয়েছে। বল তাদের কোর্টে। আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি।'
উত্তর দেওয়ার জন্য ইউক্রেনকে সময় বেঁধে দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি ইঙ্গিত দেন, সময়ের বিষয়টি কিয়েভের ওপর নির্ভর করবে।
তবে ইউক্রেনীয়রা আলোচনায় খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না বলে উল্লেখ করেন পেসকভ। ইউক্রেনের বিরুদ্ধে 'প্রতিনিয়ত নিজেদের কথা থেকে দূরে সরে যাওয়ার' অভিযোগও আনেন তিনি।