ইউক্রেনকে ‘আত্মঘাতী’ ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র: সিএনএন
সামরিক সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে 'সুইচব্লেড' ড্রোন দেবে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অতিরিক্ত সামরিক সহায়তার যে ঘোষণা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে 'আত্মঘাতী' ড্রোন হিসেবে পরিচিত 'সুইচব্লেড' দেওয়া হবে।
সংশ্লিষ্ট ২টি সূত্র সিএনএন'কে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার মধ্যে থাকবে আকারে ছোট ও বিস্ফোরকবাহী 'আত্মঘাতী' ড্রোন।
এই তালিকায় 'সুইচব্লেড ৩০০' ও 'সুইচব্লেড ৬০০' ড্রোন থাকবে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেন এগুলো যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছে।
ছোট আকারের 'সুইচব্লেড ৩০০' ড্রোন ৬ মাইল ও বড় আকারের 'সুইচব্লেড ৬০০' ড্রোন ২০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এ ড্রোনগুলো কয়েক মিনিটের মধ্যে উড়ানো যায়।
গত সপ্তাহে মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে ইউক্রেনীয়দের আলোচনার পর এই ড্রোনগুলোকে সামরিক সহায়তার তালিকায় রাখা হয়েছে। তবে এগুলো ব্যবহারের আগে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। সূত্র জানিয়েছে, দূরশিক্ষণের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।
'সুইচব্লেড' প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যারোভিরোনমেন্ট ইউক্রেনকে ড্রোন দেওয়ার বিষয়ে সিএনএন'র কাছে কোনো মন্তব্য করেনি। তবে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, 'আমরা ইউক্রেনের জনগণ ও ন্যাটোর সব সদস্যের পাশে আছি।'