আলোচনায় ইউক্রেনের চেয়ে বেশি তৎপর রাশিয়া: ক্রেমলিন
রাশিয়ার আলোচকরা ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনায় প্রবল তৎপরতা দেখাচ্ছে উল্লেখ করে ক্রেমলিন বলেছে, ইউক্রেনের কাছ থেকে একই ধরনের সাড়া পাওয়া যাচ্ছে না।
আজ বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
'আমাদের প্রতিনিধি দল ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে এবং অপর পক্ষের তুলনায় আরও বেশি তৎপরতা প্রদর্শন করছে', পেসকভ বলেন।
'এই জাতীয় নথিতে সম্মত হওয়া, এর সব পরামিতি পালন করা এবং সেগুলোর বাস্তবায়নের মাধ্যমে যা ঘটছে তা খুব দ্রুত বন্ধ করা যেতে পারে', যোগ করেন তিনি।
রাশিয়াকে ইউক্রেনে আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের দেওয়া রায়ের সমালোচনা করে পেসকভ বলেন, 'রাশিয়া এই সিদ্ধান্ত বিবেচনায় নিতে পারবে না।'