আত্মসমর্পণের আল্টিমেটাম প্রত্যাখ্যান মারিউপোলের
মারিউপোলে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়ার দেওয়া আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে মারিউপোল কর্তৃপক্ষ।
আজ রোববার কর্তৃপক্ষ বলেছে, রুশ হুমকির মধ্যেও ইউক্রেনের সেনারা মারিউপোল শহর রক্ষা অব্যাহত রাখবে।
মারিউপোলের মেয়রের উপদেষ্টা পেট্রো আন্দ্রিউশচেঙ্কোর বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলেছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলের কিছু অংশে আল্টিমেটাম উপেক্ষা করা হয়েছে। এ উপেক্ষার ফল হিসেবে মারিউপোলে যুদ্ধরত সেনাদের 'নির্মূল' করা হবে বলে হুমকি দিয়েছে মন্ত্রণালয়।
'আজভস্টাল প্ল্যান্ট ঘিরে থাকা ইউক্রেনীয় সেনাদের প্রাণে বাঁচতে স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার এবং আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে, কিয়েভের জাতীয়তাবাদীরা তাদের আত্মসমর্পণের বিষয়ে আলোচনা করতে নিষেধ করেছে', মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়।
এতে আরও বলা হয়, 'যে ইউক্রেনীয় সেনারা আগে আত্মসমর্পণ করেছিলেন, তাদের দেওয়া তথ্যমতে, স্টিল প্ল্যান্টে ইউরোপীয় ও কানাডিয়ানসহ ৪০০ জন বিদেশি ভাড়াটে সেনাও আটকা পড়েছেন। আরো প্রতিরোধ আসলে, তাদের সবাইকে নির্মূল করা হবে।'
মারিউপোলের দখল নিতে ১ মাসেরও বেশি সময় ধরে লড়ছে রুশ বাহিনী। ইউক্রেন আক্রমণের পর প্রায় ২ মাস কেটে গেলেও এখনো ইউক্রেনের প্রধান কোনো শহরের দখল নিতে পারেনি রাশিয়া।
এমন পরিস্থিতিতে ক্রেমলিন মারিউপোলে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের আজ সকাল ৬টা (মস্কো সময়) থেকে আত্মসমর্পণের আহ্বান জানায়।