আজোভস্তালে আটকা বেসামরিকদের জন্য মানবিক করিডোর খুলেছে রাশিয়া
ইউক্রেনের মারিউপোলের আজোভস্তাল ইস্পাত কারখানায় আটকা পড়া বেসামরিকদের বের হওয়ার সুযোগ করে দিতে রাশিয়া মানবিক করিডোর খুলেছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
আজ সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ বাহিনী মস্কোর স্থানীয় সময় দুপুর ২টা থেকে অবরুদ্ধ আজোভস্তাল ইস্পাত কারখানায় যুদ্ধবিরতি পালন করছে। যুদ্ধবিরতি চলাকালে বেসামরিক নাগরিকরা নিরাপদে সরে যেতে পারবেন।
রাশিয়ার ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ বলেছেন, যুদ্ধবিরতিতে সশস্ত্র ইউনিটগুলো নিরাপদ দূরত্বে অবস্থান করছে। বেসামরিক নাগরিকরা কারখানা থেকে বের হয়ে যে দিকে ইচ্ছা যেতে পারবেন।
আজোভস্তাল ইস্পাত কারখানায় বেশ কয়েকদিন ধরে অবরুদ্ধ অবস্থায় আছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়া কয়েক দফায় তাদের আত্মসমর্পণের আহ্বান জানালেও ইউক্রেনের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।
গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সেনাদের সঙ্গে আজোভস্তালে প্রায় ১ হাজার বেসামরিক নাগরিকও আটকে আছেন।