অবিলম্বে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনকে 'অবিলম্বে' ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

তিনি বলেন, আমাদের লক্ষ্য সব ইউরোপিয়ানদের সঙ্গে থাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবার সঙ্গে সমতারভিত্তিতে থাকা। আমি নিশ্চিত আমাদের দাবি ন্যায্য এবং এটা সম্ভব।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি রুশ সেনাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য ইউক্রেনের প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে বলে জানা গেছে। আজ সোমবার এই আলোচনা প্রক্রিয়ার ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুতনিক।

ওই সূত্র জানায়, স্থানীয় সময় আজ সকালে আলোচনা শুরু হবে।

রোববার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য ইতোমধ্যে মস্কো থেকে একটি প্রতিনিধি দল বেলারুশের গোমেল শহরে পৌঁছেছে। 

রুশ প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি বলেন, বেলারুশের গোমেল অঞ্চলে আলোচনায় বসা নিয়ে ইউক্রেনীয় পক্ষের সঙ্গে তাদের একটি সমঝোতা হয়েছে। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মেদিনস্কি।