মৌমাছির কামড়ে ৬৩টি আফ্রিকান পেঙ্গুইনের মৃত্যু

স্টার অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরে একটি সৈকতে একঝাঁক মৌমাছির কামড়ে ৬৩টি বিপন্ন আফ্রিকান পেঙ্গুইন মারা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়ে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার কেপ টাউনের দক্ষিণে জনপ্রিয় পর্যটন কেন্দ্র বোল্ডার্সের সৈকতে পেঙ্গুইনগুলোকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) রেড লিস্ট অনুযায়ী, তারা একটি প্রাকৃতিক রিজার্ভে বসবাসকারী আফ্রিকান পেঙ্গুইনের (স্পেনিস্কাস ডিমারসাস) একটি উপনিবেশের অংশ ছিল। যা বিপন্ন বলে বিবেচিত হয়।

এলাকাটি একটি জাতীয় উদ্যান এবং কেপ মধু মৌমাছি বাস্তুতন্ত্রের অংশ।

ক্লিনিকাল পশু চিকিৎসক এবং সাউদার্ন আফ্রিকান ফাউন্ডেশন ফর দ্য কনজারভেশন অব কোস্টাল বার্ডস-এর ডেভিড রবার্টস রবিবার বলেন, পরীক্ষার পর আমরা পেঙ্গুইনদের চোখের চারপাশে মৌমাছির দংশন দেখতে পাই।

তিনি আরও বলেন, এটি খুবই বিরল ঘটনা। আমরা আশা করি, আর এমনটি ঘটবে না। এটি একটি ফ্লুক। ঘটনাস্থলে মৃত মৌমাছিও ছিল।