জ্যাকব জুমাকে গ্রেপ্তারের প্রতিবাদে দ. আফ্রিকায় সংঘর্ষ, নিহত বেড়ে ৭২

স্টার অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় গত কয়েক দশকের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। গত সপ্তাহে দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা শপিংমল ও বিভিন্ন দোকানে লুটপাট চালায় ও আগুন দেয়।

আজ বুধবার সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার পুলিশ গতকাল মঙ্গলবার মধ্যরাতে জানিয়েছে যে, গত কয়েকদিন ধরে চলা দাঙ্গা ও লুটপাটের ঘটনায় দেশটিতে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে।

সেসময় অন্তত এক হাজার ২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।

প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ আফ্রিকায় করোনা মহামারির কারণে ঘোষিত নিষেধাজ্ঞায় অর্থনৈতিক মন্দা ও সামাজিক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে দক্ষিণ আফ্রিকায় বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬ শতাংশে।

দেশটির নিরাপত্তা কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকার সংঘর্ষ ও লুটপাট বন্ধে কাজ করে যাচ্ছে।

জ্যাকব জুমাকে গ্রেপ্তারের পর তার নিজ প্রদেশ কাওয়াজুলু-নাটাল থেকে সংঘর্ষ দেশটির প্রধান শহর জোহানেসবার্গ ও অন্যান্য প্রদেশে ছড়িয়ে পড়ে।

জ্যাকব জুমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। জুমা সেই অভিযোগ অস্বীকার করেছেন। তবে, তদন্তে অংশ নিতে অস্বীকার করায় গত সোমবার দেশটির শীর্ষ আদালত তাকে ১৫ মাসের কারাদণ্ড দিলে পুরো দক্ষিণ আফ্রিকায় সরকারবিরোধী বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশটিতে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছে।

জুমার সমর্থকদের অভিযোগ, তারা দেশটির বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাপোসার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন।