সাবেক বিচারপতি ভাষাসৈনিক কাজী এবাদুল হক মারা গেছেন

স্টার অনলাইন রিপোর্ট

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক মারা গেছেন।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

কাজী এবাদুল হকের মেয়ের জামাই চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহিবুল আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '২-৩ মাস ধরে তিনি অসুস্থ, গত পরশু শরীর বেশি খারাপ হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১২টার দিকে মারা যান।'

তার প্রথম জানাজা আজ জুমার নামাজের পর ২টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা নিকুঞ্জ মসজিদে হবে বলে জানান তিনি।  

মসজিদের পাশেই তার মরদেহ দাফন করা হবে।

বিচারপতি কাজী এবাদুল হক ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন। তার স্ত্রী অধ্যাপক শরিফা খাতুনও ২০১৭ সালে একুশে পদক অর্জন করেন। তার মেয়ে বিচারপতি কাজী জিনাত হক হাইকোর্ট বিভাগের বিচারপতি।

কাজী এবাদুল হক ১৯৩৬ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। ১৯৫৪-৫৫ সালে তিনি ফেনী ভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন।