সার্চ কমিটির সঙ্গে বিশিষ্ট নাগরিকদের প্রথম বৈঠক চলছে
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি মনোনীত করতে মতামত ও পরামর্শ নেওয়ার জন্য প্রথম দফায় আমন্ত্রিত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি। আজ শনিবার সকাল ১১টার পরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়।
আমন্ত্রিত ২০ জনের মধ্যে আইনজীবী, শিক্ষাবিদসহ চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতা আছেন।
তারা হলেন—সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, এম কে রহমান, ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. মাকসুদ কামাল, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) প্রেসিডেন্ট মুনিরা খান ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদ আলী।
তবে ২০ জনের মধ্যে ১৪ জনের মতো বৈঠকে অংশ নিয়েছেন। কমিটি ৬০ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানিয়েছে। ৩ ধাপে তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। আজ দুপুর পৌনে ১টায় দ্বিতীয় ধাপের এবং আগামীকাল শেষ ধাপের বৈঠক অনুষ্ঠিত হবে।