বাঁশখালীতে অধিকাংশ ভোটকেন্দ্র ছিল আ. লীগের দখলে
চট্টগ্রামের বাঁশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করার অভিযোগ পাওয়া গেছে।
বাঁশখালীতে আজ বুধবার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২৭ কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিরোধী প্রার্থীদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
কালিপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী মো. খালেকুজ্জামান তার সব এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে দ্য ডেইলি স্টারের প্রতিবেদকের কাছে অভিযোগ করেন।
একই অভিযোগ পাওয়া গেছে বাহারছড়া ইউনিয়নে। এই ইউপির চারটি ভোটকেন্দ্রে পরিদর্শনে গিয়ে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক স্বতন্ত্র প্রার্থীদের কোনো এজেন্টের দেখা পাননি।
পশ্চিম বাঁশখালী হাইস্কুল কেন্দ্রের পোলিং কর্মকর্তা অনুশ্রী বৈদ্যের কাছে জানতে চাইলে বলেন, স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টরা কেন কেন্দ্রে আসেননি তা তিনি জানেন না।
তবে বাহারছড়া ইউপির আওয়ামী লীগের প্রার্থী তাজুল ইসলামের দাবি, ভোট অবাধ ও সুষ্ঠুভাবে হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি।
তিনি বলেন, 'ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই।'
এই প্রতিবেদক সাধনপুর, কালিপুর, চেচুরিয়া ও বাহারছড়া ইউনিয়নে ১৮টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। এর মধ্যে মাত্র আটটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে দেখা যায়।
বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে ৫ প্লাটুন বিজিবি, ৬০ জন র্যাব সদস্য, ১৪০০ জন পুলিশ সদস্য ও ২৬টি মোবাইল টিম দায়িত্ব পালন করেছে।
বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, কোনো ভোটকেন্দ্র থেকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি।
১ কেন্দ্রে ১ ঘণ্টা ভোট স্থগিত
সরল ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের বাইরে দুই সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই কেন্দ্রে এক ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।
আজ সকাল সাড়ে ১১টার দিকে মিনজিরি টোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রিসাইডিং অফিসার প্রদীপ কুমার দত্ত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'দুই মহিলা প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্রের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত করে। এতে ভোটগ্রহণ স্থগিত করতে বাধ্য হই।'
তিনি আরও বলেন, 'সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট স্থগিত ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'