নির্বাচনের ৪২ দিন পর ছিনতাই হওয়া ব্যালট পেপার উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের ৪২ দিন পর একটি ভুট্টা ক্ষেত থেকে এক বস্তা সিল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ব্যালট পেপার ভর্তি বস্তাটি উদ্ধার করা হয়। 

গ্রাম পুলিশের কাছ থেকে খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশের একটি দল বিকেলে ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের বস্তায় ভর্তি করা ব্যালট পেপারগুলো উদ্ধার করে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াহাব দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ভূঞাপুর উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। গাবসারা ইউনিয়নের চর চাঁদনী দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে প্রিজাইডিং অফিসারসহ অন্যরা কেন্দ্র থেকে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী নিয়ে ফিরছিলেন। সে সময় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একজনের সমর্থকেরা এক বস্তা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়।'

এ অবস্থায় পুলিশ পাল্টা গুলি চালালে ২ জন আহত হয় বলেও জানান তিনি।

ঘটনার ৪ দিন পর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মির্জানুর রহমান বাদী হয়ে মামলা করেন।

ওসি আরও বলেন, 'আমরা মামলার প্রমাণ হিসাবে উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলো আমাদের হেফাজতে রেখেছি; তবে তদন্তের স্বার্থে আমরা এখনই উদ্ধার হওয়া ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ করতে চাই না।'