গোপালগঞ্জের মুকসুদপুরে ভোট পড়েছে ১৪০৬৩, নৌকা ৬০৪
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুর রহমান মিয়া ৬০৪ ভোট পেয়েছেন। এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৫ জনের মধ্যে সর্বনিম্ন ভোট পেয়েছেন তিনি।
গতকাল বুধবারর অনুষ্ঠিত এই নির্বাচনে জগ প্রতীকের আশরাফুল আলম শিমুল ৬ হাজার ১৫৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন প্রতীকের আহাজ্জাদ মাহসিন খিপু ৪ হাজার ৫৩৩ ভোট পেয়েছেন।
অন্য দুই প্রার্থীর মধ্যে, চশমা প্রতীকের সাদ্দাদ করিম মন্টু ১ হাজার ৪৪৯ ভোট ও সাইফউদ্দীন সরদার বিদ্যুৎ পেয়েছেন ১ হাজার ৩২৩ ভোট।
গতকাল মুকসুদপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রের ৫২ টি বুথে ইভিএমে ভোট হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১৭ হাজার ৬২৭। ভোট পড়েছে ১৪ হাজার ৬৩। ভোট প্রদানের হার প্রায় ৮০ শতাংশ।
এত কম ভোট পাওয়ার কারণ জানতে চাইলে সদ্য সাবেক মেয়র আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে এত কম ভোট পাব ভাবিনি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়া আর কেউ আমার পক্ষে কাজ করেনি। এই পরাজয় আমার নয়, এটা আওয়ামী লীগের পরাজয়।'
তিনি আরও বলেন, আশরাফুল আলম শিমুল বিএনপিপন্থী। তার বাবা বিএনপির প্রার্থী হয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন।
আশরাফুল আলম শিমুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বিজয় জনগণের বিজয়। জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে। আমি মনেপ্রাণে আওয়ামী লীগের কর্মী। আমার বাবা বিএনপি করতেন কিন্তু আমি বিএনপি করি না। বরং মো. আতিকুর রহমান মিয়া আগে বিএনপি করতেন।'