গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারলে মনোবেদনা থাকবে: নতুন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পাওয়ার পর কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যদি সবাইকে নিয়ে একটি সম্মানজনক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি তবে হয়ত সফলতার সুখ কিছুটা ভোগ করতে পারব, নতুবা মনোবেদনা থাকবে।
সিইসি হিসেবে নিয়োগ পাওয়ার পর কাজী হাবিবুল আউয়াল আজ শনিবার বিকেলে টেলিফোনে দ্য ডেইলি স্টারকে এই কথা বলেছেন।
তিনি বলেন, সিইসি হিসেবে শপথ নেওয়ার পর আমি আমার সব সহকর্মীদের সাঙ্গে মত বিনিময় করব। কিতাবে কী লিখা আছে তা দেখব। জাতীয় নির্বাচনের আর মাত্র দুই বছরের মতো সময় বাকি আছে। তাই প্রস্তুতি নিতে হবে। যদি সবাইকে নিয়ে একটি সম্মানজনক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি তবে হয়ত সফলতার সুখ কিছুটা ভোগ করতে পারব, নতুবা মনোবেদনা থাকবে।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য কাজী হাবিবুল আউয়ালকে সিইসি হিসেবে নিয়োগ দিয়েছেন। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
