স্ত্রীর ছদ্মবেশে করোনা রোগীর বিমান ভ্রমণ

স্টার অনলাইন ডেস্ক

স্ত্রীর ছদ্মবেশ ধারণ করে বিমানে ভ্রমণ করতে গিয়ে মাঝপথে ধরা পড়েছেন ইন্দোনেশিয়ার এক নাগরিক। করোনা রোগীদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় হিজাব ও বোরখা পরে স্ত্রীর নামে বিমানের টিকেট কেটে স্ত্রীর পরিচয়পত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে ভ্রমণ করছিলেন সেই যাত্রী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যাত্রীর পুরো পরিচয় প্রকাশ করা না হলেও সাংকেতিক নাম জানানো হয়েছে 'ডিডব্লিই'। করোনা পজিটিভ সেই ব্যক্তি অভ্যন্তরীণ ফ্লাইটে জার্কাতা থেকে তার্নাতে যাচ্ছিলেন।

মাঝপথে ওই যাত্রী বিমানের ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে কাপড় পরিবর্তন করে পুরুষের পোশাকে তিনি বের হলে বিষয়টি ফ্লাইটের দায়িত্বে থাকা একজনের নজরে আসে।

তিনি তার্নাতে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানালে সেই যাত্রীকে বিমানবন্দরে আটক করে করোনা পরীক্ষা করানো হয় এবং তার ফলাফল পজিটিভ আসে।

তার্নাতে কোভিড-১৯ টাস্কফোর্সের প্রধান মোহাম্মদ আরিফ গানী সাংবাদিকদের জানান, বর্তমানে সেই যাত্রীকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা থেকে সেরে উঠলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।