ইন্দোনেশিয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়াল
ইন্দোনেশিয়াতে করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জাকার্তা পোস্ট।
জাকার্তা পোস্ট জানায়, ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৮৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৭৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে এ পর্যন্ত তিনি মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন এক লাখ ৬৩৬ জন।
ইন্দোনেশিয়াতে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে, তাই মৃত্যুর প্রকৃত সংখ্যাটি আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
করোনা শুরু থেকে এ বছরের মে মাসের শেষে ইন্দোনেশিয়ার ৫০ হাজার মৃত্যুর সংখ্যা অতিক্রম করতে ১৪ মাস সময় লেগেছিল। কিন্তু, মাত্র নয় সপ্তাহেরও বেশি সময়ের ব্যবধানে তা দ্বিগুণ হয়ে গেছে।