২০ বছর পর আফগানিস্তানে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা

স্টার অনলাইন ডেস্ক

তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও ডেপুটি নেতা মুল্লাহ আবদুল গণি বারাদার আফগানিস্তানে পৌঁছেছেন।

সিএনএন জানায়, আজ মঙ্গলবার তালেবানের রাজনৈতিক শাখার মুখপাত্র মুহাম্মদ নাঈম ওয়ারদাক এক টুইটে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'আজ বিকেলে ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান মুল্লাহ বারাদারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশে ফিরেছেন। তারা কান্দাহার বিমানবন্দরে অবতরণ করেছেন।'

এর আগে মুল্লাহ আবদুল গণি বারাদার কাতারের দোহা থেকে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে কয়েকটি সূত্র সিএনএনকে নিশ্চিত করেছে।

গত ২০ বছরে আফগানিস্তানে পা রাখেননি তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মুল্লাহ আবদুল গণি বারাদার। বর্তমানে তিনি গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান।

২০১০ সালে আবদুল গণি বারাদারকে পাকিস্তানে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়ার প্রক্রিয়া জোরালো করলে ওয়াশিংটনের অনুরোধে ২০১৮ সালে তাকে মুক্তি দেওয়া হয়।