হুন্দাই পাকিস্তানের টুইট: ভারতের কাছে দ. কোরিয়ার দুঃখ প্রকাশ

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি

দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা হুন্দাইয়ের পাকিস্তানি পরিবেশক 'কাশ্মীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অননুমোদিত পোস্ট' দেওয়ায় দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার সরকার।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চুং ইউই-ইয়ং আজ মঙ্গলবার সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


 
হুন্দাইয়ের পাকিস্তানি অংশীদার নিশাত গ্রুপের পক্ষ থেকে শনিবার কাশ্মীর সংহতি দিবসে টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে কাশ্মীরিদের আত্মত্যাগের স্মরণে পোস্ট দেওয়া হয়। 

ভারতে পরদিন এর বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা হুন্দাইয়ের গাড়ি বয়কটের আহ্বান জানায়।

অরিন্দম বাগচি বলেন, 'টুইট কেন্দ্র করে নয়াদিল্লিতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব করার একদিন পর আজ জয়শঙ্করের সঙ্গে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলেছেন।'

'দুই পররাষ্ট্রমন্ত্রী বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে "হুন্দাই পাকিস্তানের" সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটি ভারতের জনগণ ও সরকারের প্রতি অন্যায় হয়েছে এবং তারা এ জন্য দুঃখিত।'

বাগচি জানান, ৬ ফেব্রুয়ারি হুন্দাই পাকিস্তানের ওই পোস্ট দেওয়ার পর দক্ষিণ কোরিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত সিউলে হুন্দাইয়ের সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ব্যাখ্যা চেয়েছিলেন।

পরে হুন্দাই এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে ব্যবসায়িক নীতি হিসেবে হুন্দাই মোটরস কোনো নির্দিষ্ট অঞ্চলের রাজনৈতিক বিষয় বা ধর্মীয় বিষয়ে মন্তব্য করে না।

'অতএব, এটি স্পষ্ট যে হুন্দাইয়ের পাকিস্তানি পরিবেশক প্রতিষ্ঠানের নীতির বিরুদ্ধে তাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে কাশ্মীর সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে অননুমোদিত পোস্ট দিয়েছে।'

বিষয়টি ভারতের রাজ্যসভায়ও উত্থাপিত হয়।  সভায় ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, 'সরকার হুন্দাইকে আরও শক্তভাবে ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে দিয়েছে।'

তিনি বলেন, 'তাদের সরকার (দক্ষিণ কোরিয়া) ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উভয়ের কাছেই বিষয়টি জানানো হয়েছে।'