শ্রীলঙ্কায় ‘রাজ পরিবারের’ শেষ রক্ষা হবে তো?

স্টার অনলাইন ডেস্ক

এক-এক করে উজির-নাজিররা বিদায় হচ্ছেন দৃশ্যপট থেকে। সেই তালিকায় আছেন আপনজনও। এমন অবস্থাতেও যেন মাটি কামড়ে পড়ে আছেন ২ জন। তাদের একজন হলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও অপরজন তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

গতকাল রোববার মধ্যরাতে শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিপরিষদের ২৬ সদস্যের সবাই একযোগে পদত্যাগ করেন। পদত্যাগকারীদের মধ্যে প্রধানমন্ত্রীর ছেলে নামাল রাজাপাকসেও আছেন।

sri_lanka_3.jpg
ছবি: রয়টার্স

আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গতকাল শিক্ষামন্ত্রী দিনেশ গুণবর্ধন সাংবাদিকদের বলেছেন, মন্ত্রিপরিষদের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগকারী নামাল রাজাপাকসে টুইটার বার্তায় আশা করছেন, এই পদত্যাগ 'জনগণ ও সরকারের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নে' সহায়ক হবে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়, ক্ষমতাসীনদের ওপর জনগণের ক্রমবর্ধমান রোষের কারণে প্রেসিডেন্ট গোতাবায়া ও প্রধানমন্ত্রী মাহিন্দা গতকাল তত্ত্বাবধায়ক সরকার গঠনে রাজি হয়েছেন।

sri_lanka_2.jpg
ছবি: রয়টার্স

সেই সরকারে বিরোধীদের আমন্ত্রণ জানানো হবে উল্লেখ করে আরও বলা হয়, আজ সকালে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারেন।

এ দিকে, আজ রাজাপাকসে ভ্রাতৃদ্বয়ের পদত্যাগের দাবিতে দেশজুড়ে গণপ্রতিবাদের পরিকল্পনা করা হয়েছে বলেও মিররের প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, গতকাল সকালে ১১ দলীয় জোট সরকারের শরিক বিমল বীরবনসা ও উদয় গাম্মানপিলার সদস্যরা ২ নেতার সঙ্গে দেখা করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব দেন।

আগামী ১ সপ্তাহের মধ্যে তা গঠন করা না হলে জোটের ১৪ সদস্য সরকারের ওপর থেকে সমর্থন সরিয়ে নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।