শ্রীলঙ্কায় চলছে কারফিউ, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ
জ্বালানি ও খাদ্য সংকট নিয়ে চলমান অস্থিরতা মোকাবিলায় শ্রীলঙ্কায় চলছে ৩৬ ঘণ্টার কারফিউ। এদিকে আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমও বন্ধ করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে আছে ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রাম। এই সাইটগুলোতে কেউ এখন অ্যাপ বা ব্রাউজার ব্যবহার করে ঢুকতে পারছেন না।
মোবাইল ফোন গ্রাহকরা হোয়াটস্যাপও ব্যবহার করতে পারছেন না। তাদের একটি মেসেজের মাধ্যমে জানানো হয়েছে, 'টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাবে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার শত শত বিক্ষোভকারী রাজাপাকসের বাসভবনের বাইরে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা এসময় পুলিশ ও সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
বিক্ষোভ ঠেকাতে শুক্রবার কলম্বো ও তার আশেপাশে পুলিশ ৫৩ জনকে গ্রেপ্তার করে।
চলমান পরিস্থিতি মোকাবেলায় সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তাদেরকে পরোয়ানা ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কগুলোতে টহল দিচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত ১০টা থেকে শুরু করে রোববার সকাল ৬টা পর্যন্ত দেশের পশ্চিম রাজ্য থেকে কারফিউ ভঙ্গের অভিযোগে ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী কলম্বোও পশ্চিম রাজ্যের অন্তর্ভুক্ত।