শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড-অঙ্গচ্ছেদ ফিরছে আফগানিস্তানে

স্টার অনলাইন ডেস্ক

তালেবানের কারাগার ইনচার্জ ও সাবেক ধর্মীয় পুলিশ প্রধান মোল্লা নূরুদ্দিন তুরাবি বলেছেন, আফগানিস্তানে মৃত্যুদণ্ড ও অঙ্গচ্ছেদের মতো চরম শাস্তির বিধান আবারও ফিরিয়ে আনা হবে।

এপি নিউজের বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

নূরুদ্দিন তুরাবি আরও বলেন, 'নিরাপত্তার প্রয়োজনে' অঙ্গচ্ছেদ জরুরি। তবে, এবার হয়তো ৯০ দশকের মতো প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে না।

অতীতে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে তিনি বলেন, 'আমাদের আইন কী হওয়া উচিত, তা কেউ বলে দেবে না।'

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই আগের শাসনামলের তুলনায় নমনীয় হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে তালেবান। তবে, এরই মধ্যে আফগানিস্তানজুড়ে বেশ কয়েকটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার খবর পাওয়া গেছে।