শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে: আফগান স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তবর্তীকালীন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিজাকওয়াল।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে। স্থানীয় টেলিভিশন টলো নিউজকে স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিজাকওয়াল বলেছেন, 'কাবুলে কোনো হামলা হবে না।'
এদিকে, তিন আফগান সরকারি কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা এপি জানায়, তালেবান বিদ্রোহীরা রাজধানীর কালাকান, কারাবাগ ও পাঘমান জেলাগুলো দখল করে নিয়েছে। তবে পরবর্তীতে তারা 'জোরপূর্বক' রাজধানী দখল না করার প্রতিশ্রুতি দিয়েছে।
এক বিবৃতিতে তালেবান জানায়, তারা রাজধানী দখল করতে শক্তি প্রয়োগ করবে, কিন্তু বর্তমানে সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করা হচ্ছে।
এদিকে, মার্কিন সামরিক বাহিনী আমেরিকান কূটনৈতিক ও বেসামরিক কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে।