লাদাখ সীমান্তে আবারও চীনের সেনা মোতায়েন

স্টার অনলাইন ডেস্ক

লাদাখ সীমান্তে আবারও সেনা মোতায়েন করেছে চীন।

এনডিটিভি জানায়, লাদাখে অস্থিরতা ও চীনের সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে আগামী সপ্তাহে ১৩তম বৈঠকে বসবে চীন ও ভারত। তার আগেই লাদাখে চীন আরও সেনা মোতায়েন করেছে বলে জানালেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

আজ শনিবার সকালে সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, 'পূর্ব লাদাখে উল্লেখযোগ্য হারে সেনা মোতায়েন করেছে চীন। সেখানে উত্তেজনা বিরাজ করছে, যা আমাদের জন্য উদ্বেগজনক।'

গত ৬ মাস ধরে লাদাখের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, 'আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমরা যা জানতে পারছি তার উপর ভিত্তি করে আমরা এগোচ্ছি। এই মুহূর্তে, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।'

ওই এলাকায় কোনো আক্রমণাত্মক কিছু ঘটার সম্ভাবনা নেই বলেও ইঙ্গিত দেন তিনি। 

ভারতের সেনাপ্রধান আরও বলেন, 'আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে পৌঁছাতে পারি। আশা করছি, বৈঠকে কোনো সমাধান আসবে।

শুক্রবার পূর্ব লাদাখে অপারেশনাল প্রস্তুতির খবর নিয়েছেন ভারতের সেনাপ্রধান।

সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, সেনা প্রধান সরেজমিনে পূর্ব লাদাখের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। তিনি ভারতীয় সেনাদের সঙ্গেও আলাপ করেছেন এবং তাদের দৃঢ় মনোবলের প্রশংসা করেছেন।

সেনাবাহিনী সূত্রের বরাতে এনডিটিভি জানায়, পূর্ব লাদাখে সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় ইতোমধ্যেই সেখানে কে-৯ বজ্র হাউইৎজার কামান মোতায়েন করা হয়েছে। এটি প্রায় ৫০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।

সেনাবাহিনী প্রধান এএনআইকে বলেন, 'সেখানে মোতায়েন করা অস্ত্রগুলো দুর্গম এলাকা ও উঁচু অঞ্চলেও কাজ করতে পারে।'

উল্লেখ্য, গত বছর ৫ মে লাদাখে প্রায় ২৫০ চীনা সেনার সঙ্গে সংঘর্ষ হয় ভারতীয় বাহিনীর। সেসময় চীনা সেনাদের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করার অভিযোগ জানায় ভারত।

এর পর থেকে ঐক্যমতে পৌঁছাতে দুই দেশের মধ্যে একাধিকবার আলোচনা হলেও কোনো সমাধান মেলেনি।