মালদহে বিএসএফের সঙ্গে সংঘর্ষে বাংলাদেশি ‘চোরাকারবারি’ নিহত
ভারতের মালদহ জেলায় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সংঘর্ষে সন্দেহভাজন বাংলাদেশি গরু চোরাকারবারি নিহত হয়েছে।
নিহত মকবুল হোসেন (২৫) বাংলাদেশের নওগাঁ জেলার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে বিএসএফ।
শনিবার মালদহ সীমান্তের পান্নাপুর ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিএসএফ এক বিবৃতিতে জানায়, 'শনিবার ভোর ৬টার দিকে ফাঁড়ির সৈন্যরা সীমান্তের কাঁটাতারের দিকে ১৫-২০ জন সন্দেহভাজন চোরাকারবারির একটি দলকে দেখতে পায়। তারা সীমানা পেরিয়ে গবাদি পশু পাচারের চেষ্টা করছিল। একই সময়ে, বাংলাদেশ থেকে অস্ত্র ও লাঠিসহ প্রায় ১৫-২০ জনের আরেকটি দল ভারতীয় ভূখণ্ডের ২০০ মিটার ভেতরে চলে আসে।'
এদিকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকায় রোববার সীমান্তে গরু চোরাকারবারিদের সঙ্গে পৃথক সংঘর্ষে অন্তত ১৭ জন ভারতীয় পুলিশ আহত হয়।
পশ্চিমবঙ্গ পুলিশের এক কর্মকর্তা জানান, সীমান্ত দিয়ে গরু চোরাকারবারের খবর পেয়ে পুলিশের একটি দল উচালপুকুরি গ্রামে পৌঁছায়। সেখানে চোরাকারবারিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
পুলিশের ওপর হামলার অভিযোগে ৪ নারী ও ২ পুরুষকে আটক করা হয়। এ সময় ভারতীয় পুলিশ ৩৪টি গরু জব্দ করে।