মার্কিন সেনাবাহিনীর আফগান দোভাষীর শিরশ্ছেদ করল তালেবান, অন্যরাও ঝুঁকিতে

স্টার অনলাইন ডেস্ক

আফগান নাগরিক সোহেইল পারদিস রাজধানী কাবুলে মার্কিন সেনাবাহিনীতে দোভাষী হিসেবে ১৬ মাস কাজ করেছেন। গত মে মাসে তিনি কাবুলের নিকটবর্তী খোস্ট রাজ্যের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। রোজা শেষে ঈদুল ফিতর উদযাপনের জন্য নিজের বোনকে সেখান থেকে কাবুলে নিয়ে আসার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন।

তাদের একটি আনন্দময় পারিবারিক পুনর্মিলনী হওয়ার কথা ছিল। কিন্তু গত ১২ মে মরুভূমির মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তালেবান জঙ্গিরা একটি চেকপয়েন্টে ৩২ বছর বয়সী পারদিসের গাড়ি থামায়।

এ ঘটনার অল্প দিন আগেই পারদিস তার বন্ধু ও সহকর্মী আব্দুলহক আইউবিকে জানান, তিনি তালেবানদের কাছ থেকে মৃত্যুর হুমকি পাচ্ছিলেন, কারণ তারা জানতে পেরেছে তিনি মার্কিন সেনাবাহিনীর পক্ষে অনুবাদক হিসেবে কাজ করেছেন।

পারদিসের বন্ধু ও সহকর্মী আইউবি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে জানান, তারা তাকে বলছিল সে আমেরিকানদের পক্ষে গুপ্তচরবৃত্তি করেছে। সে একজন বিশ্বাসঘাতক এবং তাকে ও তার পরিবারের সদস্যদের এ অপরাধে হত্যা করা হবে।

তালেবানদের চেকপয়েন্টের দিকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় পারদিস গতিবেগ বাড়িয়ে সেখান থেকে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তালেবানরা তার গাড়িতে গুলিবর্ষণ করে তাকে থামতে বাধ্য করে। পার্শ্ববর্তী গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পারদিসকে গাড়ি থেকে বের করে নিয়ে আসে এবং সেখানেই শিরশ্ছেদ করে তাকে হত্যা করে।

পারদিসের মতো আরও হাজারো আফগান নাগরিক যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষে দোভাষী ও অনুবাদক হিসেবে কাজ করেছেন। তারা এখন তালেবানের রোষানলে পড়ার ভয়ে আছেন, কারণ বাহিনীটি ধীরে ধীরে দেশের একটি বড় অংশে আধিপত্য স্থাপন করেছে।

গত জুনে একটি বিবৃতিতে তালেবান জানিয়েছে, তারা বিদেশি বাহিনীর সঙ্গে কাজ করেছে এমন কোনো আফগান নাগরিকের ক্ষতি করবে না। তালেবানের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, তারা এই হত্যাকাণ্ডের বিস্তারিত যাচাইয়ের চেষ্টা করছেন এবং তাদের মতে ঘটনাটি ভুলভাবে বর্ণনা করা হয়েছে।

sohail-2.jpg
ছবি: টুইটার থেকে নেওয়া

তবে, দোভাষীদের অনেকেই জানিয়েছেন তারা ঝুঁকিতে আছেন, কারণ তারা ভাবছেন মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর তারা তালিবানের প্রতিহিংসার শিকার হতে পারেন।

আইউবি বলেন, 'আমরা এখানে নিশ্বাস নিতে পারছি না। তালেবানরা আমাদের প্রতি কোনো দয়া দেখাবে না।'

ইতোমধ্যে ১৮ হাজার আফগান নাগরিক একটি বিশেষ অভিবাসী ভিসা প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য আবেদন করেছেন। তারা সবাই মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কাজ করেছেন।

১৪ জুলাই হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, তারা খুব শিগগির 'অপারেশন এলাইস রিফিউজ' (মিত্রদের আশ্রয় দেওয়ার অভিযান) নামের প্রকল্পটির উদ্বোধন করবে, যার মাধ্যমে ঝুঁকিতে থাকা হাজারো আফগান দোভাষী ও অনুবাদককে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে।

স্পেশাল ইমিগ্র্যান্ট ভিসা (এসআইভি) পাওয়া আবেদনকারীরা জুলাইয়ের শেষ থেকে আফগানিস্তান ত্যাগ করতে পারবেন, জানান হোয়াইট হাউসের প্রেসসচিব জেন পিসাকি।