মানবিক কারণে আশরাফ গনি ও পরিবারকে আশ্রয়: আরব আমিরাত
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার পরিবারকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম'র বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে।
তবে আশরাফ গনি এখন দেশটির কোথায় অবস্থান করছেন তা সংবাদ প্রতিবেদনে জানানো হয়নি।
আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বাক্যের একটি বিবৃতিতে বলা হয়েছে, 'মানবিক কারণে প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার পরিবারকে সংযুক্ত আরব আমিরাতে স্বাগত জানানো হয়েছে।'
গত রোববার তালেবানদের কাবুল দখলের পর আশরাফ গনি কাবুল থেকে সরাসরি আরব আমিরাতের গিয়েছিলেন নাকি অন্য কোথাও ছিলেন তা এখনও স্পষ্ট নয়।
দেশ ছেড়ে যাওয়ার সময় গনি বলেছিলেন যে কাবুলে তালেবান প্রবেশ করায় তিনি 'রক্তের বন্যা রোধ করতে' চলে যাচ্ছেন।
তিনি আরও বলেছিলেন, তার বিশ্বাস তিনি যদি দেশে থেকে যান তাহলে 'অগণিত দেশপ্রেমিক শহীদ হবেন এবং কাবুল শহর ধ্বংস হয়ে যাবে।'
ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে গনি বলেছিলেন, 'তালেবান জিতেছে এবং এখন তারা দেশবাসীর সম্মান, সম্পত্তি ও আত্মরক্ষার জন্য দায়বদ্ধ হয়ে থাকবে।'
তিনি আরও বলেছিলেন, 'তালেবান এখন একটি নতুন ঐতিহাসিক পরীক্ষার মুখোমুখি হচ্ছে। হয় তারা আফগানিস্তানের নাম ও সম্মান রক্ষা করবে নতুবা তারা অন্য বিষয়কে অগ্রাধিকার দেবে।'
আশরাফ গনি কোথায় যাচ্ছেন তা প্রথমে তিনি বলেননি। তবে আফগানিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম টোলোনিউজ জানিয়েছিল যে তিনি তাজিকিস্তানে গেছেন।