ভারতের গম সহায়তা আফগানিস্তানে নেওয়ার অনুমতি দেবে পাকিস্তান

স্টার অনলাইন ডেস্ক

ভারতের দেওয়া গম পাকিস্তানের মধ্য দিয়ে পরিবহনের জন্য আফগান তালেবান সরকারের অনুরোধ বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের বরাত দিয়ে এনডিটিভি জানায়, আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় এই মতামত ব্যক্ত করেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক টুইটবার্তায় জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতের দেওয়া গম পাকিস্তানের মধ্য দিয়ে পরিবহনের জন্য মানবিক উদ্দেশ্যে 'ব্যতিক্রমী ভিত্তিতে' আফগান ভাইদের অনুরোধ বিশেষভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

এ ছাড়াও, ইমরান খান যাবতীয় সংকট কাটিয়ে উঠতে আফগানিস্তান ও আফগান জনগণের প্রতি ইসলামাবাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

পাশাপাশি তিনি পাকিস্তানসহ এ অঞ্চলের জন্য শান্তিপূর্ণ, স্থিতিশীল, সার্বভৌম, সমৃদ্ধ এবং সংযুক্ত আফগানিস্তানের অত্যাবশ্যকতার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে, পাকিস্তান তার ভূখণ্ড দিয়ে আফগানিস্তানে কোনো ভারতীয় চালান যেতে দেয়নি।

গত অক্টোবর আফগানিস্তানে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর মেরি এলেন গ্রোয়ার্টি বলেছিলেন, তারা তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে গম দানের জন্য ভারতের সঙ্গে আলোচনা করছেন।

একইমাসে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তালেবান জানায়, আফগানদের জন্য প্রচুর মানবিক সহায়তা দিতে প্রস্তুত নয়াদিল্লি।

এদিকে ডব্লিউএফপি সতর্ক করেছে, জরুরি ব্যবস্থা না নিলে এই শীতে লাখ লাখ আফগান অনাহারে পড়বে।

ধারণা করা হচ্ছে, এখন থেকে আগামী বছরের মার্চের মধ্যে আফগানিস্তানে খাদ্য সংকটের কবলে পড়া মানুষের সংখ্যা প্রায় ২৩ মিলিয়নে পৌঁছাবে, যা আফগান জনসংখ্যার ৫৫ শতাংশ।