বেলুচিস্তানে ২ সেনাঘাঁটিতে হামলায় ৭ সেনাসহ নিহত ২০
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৭ সেনা সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন।
রয়টার্স জানায়, নিহতদের মধ্যে ১৩ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য।
বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) গোষ্ঠী রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। বিএলএ বিবৃতিতে জানিয়েছে, সেখানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরকভর্তি গাড়িও ছিল।
এতে ৫০ জনের বেশি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিএলএ।
এদিকে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তাঁর সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ইমরান খান চীনে যাওয়ার কয়েক ঘণ্টা আগে এ হামলার ঘটনা ঘটল।
এ হামলার পর একটি ভিডিও বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ বলেন, 'আমাদের সেনারা বড় ধরনের হামলা প্রতিহত করেছে।'
তিনি শুরুতে ৪ জন সেনা ও ১৫ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহতের কথা বললেও পাকিস্তান সেনাবাহিনীর একটি বিবৃতি জানায়, ৭ সেনা ও সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য নিহত হয়েছেন। সেখানে আরও চার–পাঁচজন সশস্ত্র সদস্য রয়েছেন তাদের মোকাবিলা করবেন সেনারা।
এর আগে গত সপ্তাহে বেলুচিস্তানের আরেক শহর গোয়াদারে হামলা চালানো হয়। ওই হামলায় ১০ সেনা নিহত হন। সেটি বেলুচিস্তানে বহু বছর ধরে চলা বিদ্রোহের মধ্যে সেনাবাহিনীর সবচেয়ে বেশি সৈন্য নিহত হওয়ার ঘটনা ছিল।