বিয়ে বাড়িতে গান: আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানে গান বাজানোর কারণে একটি বিয়ে বাড়িতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হামলায় গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন।

আফগানিস্তানের নানগারহার প্রদেশের শামসপুর মার ঘুন্ডি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে শনিবার এএফপি জানিয়েছে।

হামলাকারীরা ৩ জন ছিল এবং তাদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, 'গত রাতে শামসপুর মার ঘুন্ডি গ্রামে ৩ জন তালেবান পরিচয়ে ওই বিয়ে বাড়িতে ঢুকে যায় এবং গান বাজনা বন্ধ করতে বলে।'

'তারা সেখানে গুলি চালায় এবং এতে অন্তত ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন,' বলেন তালেবান মুখপাত্র।

তিনি আরও বলেন, 'পলাতক ব্যক্তিকে খোঁজা হচ্ছে। তারা ইসলামী আমিরাতের নাম ব্যবহার করে এ হামলা চালিয়েছে। তাদের শরিয়া আইনের মুখোমুখি হতে হবে।'

নানগারহার প্রদেশের তালেবান গভর্নরের মুখপাত্র কাজী মোল্লা আদেলও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত জানাননি।

প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, বিয়ে বাড়ির একটি ঘরে ছেলেরা গান বাজাচ্ছিল। হঠাৎ ৩ জন 'তালেবান' এসে তাদের ওপর গুলি চালায়।

১৯৯৬ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর দেশটিতে সঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল। তবে এবার এখনও এ ধরনের কোনো আইন জারি করা হয়নি।