বিদেশিদের সঙ্গে কাজ করা আফগানদের খুঁজতে বাড়ি বাড়ি তল্লাশি

স্টার অনলাইন ডেস্ক

জাতিসংঘের এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, মার্কিন ও ন্যাটো বাহিনীর সঙ্গে কাজ করা লোকদের খুঁজে বের করার জন্য 'বাড়ি বাড়ি' যাচ্ছে তালেবান।

জাতিসংঘের হুমকি-মূল্যায়ন পরামর্শদাতাদের দেওয়া গোপন প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশিদের সঙ্গে কাজ আফগানদের 'অগ্রাধিকার ভিত্তিতে' তালিকা তৈরি করেছে তালেবান। তাদেরকে গ্রেপ্তার করতে বাড়ি বাড়ি যাচ্ছে তারা। তালিকায় নাম থাকা ব্যক্তিদের বাড়িতে না পেলে তাদের পরিবারের সদস্যদের হত্যা ও গ্রেপ্তার করার হুমকি দিচ্ছে।

কাবুল বিমানবন্দরে যাওয়ার পথে চেকপোস্ট বসিয়েছে তালেবান। রাজধানী ও জালালাবাদসহ বড় শহরগুলোতেও চেকপোস্ট বসানো হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনটির লেখক নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিসের নির্বাহী পরিচালক ক্রিশ্চিয়ান নেলেমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, 'যারা ধরা দিচ্ছে না তাদের পরিবারকে লক্ষ্যে পরিণত করেছে তালেবান এবং 'শরিয়া আইন অনুযায়ী' তাদের পরিবারের বিচার করে শাস্তি দিচ্ছে।

'আমাদের আশঙ্কা যারা ন্যাটো বা মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের সঙ্গে কাজ করেছেন তারা এবং তাদের পরিবারের সদস্যদের নির্যাতন করা হতে পারে। এমনকি, তাদের মৃত্যুদণ্ডও হতে পারে।'

তার মতে, 'এটি ভবিষ্যতে তালেবান, আইএস ও অন্যান্য সন্ত্রাসীদের হুমকি মোকাবিলায় পশ্চিমের গোয়েন্দা সংস্থা, তাদের নেটওয়ার্ক ও কর্মপদ্ধতিকে আরও ঝুঁকিতে ফেলবে।'