‘বন্দুকযুদ্ধে’ হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখল তালেবান

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে ৪ জন অপহরণকারীকে 'বন্দুকযুদ্ধে' হত্যার পর মরদেহ জনসমক্ষে ঝুলিয়ে রেখেছে তালেবান কর্তৃপক্ষ।

হেরাতের ডেপুটি গভর্নর শের আহম্মদ আম্মারের বরাত দিয়ে আজ শনিবার রয়টার্স এ খবর জানিয়েছে।

ডেপুটি গভর্নর বলেন, 'ওই ৪ জন স্থানীয় এক ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণ করে শহরের বাইরে নিয়ে যাচ্ছিল।'

'শহরের চেকপোস্টের তালেবান টহল দলের সঙ্গে তাদের "বন্দুকযুদ্ধ" হয়। এ সময় ওই ৪ জন নিহত হয় এবং একজন তালেবান সৈন্য আহত হয়,' বলেন তিনি।

তিনি বলেন, 'তাদের মরদেহ শহরের মূল চত্বরে আনা হয় এবং অন্যান্য অপহরণকারীদের শিক্ষা দিতে ঝুলিয়ে রাখা হয়।'

অপহৃত বাবা ও ছেলেকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

হেরাতের বাসিন্দা মোহাম্মদ নাজির জানান, তিনি শহরের মোস্তোফিয়াত স্কয়ারের কাছে লাউডস্পিকারের ঘোষণা শুনতে পেয়ে মরদেহগুলোকে একটি ট্রাকে দেখতে পান।

পরে মরদেহগুলো ক্রেনে করে ঝুলিয়ে রাখা হয় বলে জানান তিনি।

ক্রেনে ঝোলানো রক্তমাখা মরদেহের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ভিডিওতে মৃত ব্যক্তির বুকে আটকানো একটি নোটে 'এটি অপহরণের শাস্তি' লেখা দেখা যায়।

ওই ফুটেজে অন্য কোন মরদেহ দেখা যায়নি। তবে, পোস্টে বলা হয়েছে যে বাকিদের শহরের অন্যান্য স্থানে ঝুলিয়ে রাখা হয়েছে।

চলতি সপ্তাহে বার্তাসংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবানের সিনিয়র নেতা মোল্লা নূরুদ্দিন তুরাবি বলেন, তারা অপরাধ দমনে অঙ্গচ্ছেদ এবং মৃত্যুদণ্ডের মতো শাস্তি নতুন করে প্রচলন করবে।