পাঞ্জশির তালেবানের নিয়ন্ত্রণে নেওয়ার খবর ‘ভিত্তিহীন’: আমরুল্লাহ সালেহ

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা তালেবানের নিয়ন্ত্রণের নেওয়ার খবর 'ভিত্তিহীন' বলে দাবি করেছেন উপত্যকার অন্যতম প্রতিরোধ নেতা আমরুল্লাহ সালেহ। তবে, তালেবান ফোন, ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি এখন কঠিন পড়েছে বলে জানান তিনি।

বিবিসিকে পাঠানো একটি ভিডিও বার্তায় আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বলেছেন, সেখানে 'উভয় পক্ষেরই হতাহতের ঘটনা ঘটেছে।'

তিনি আরও বলেন, 'এতে কোনো সন্দেহ নেই যে আমরা একটি কঠিন পরিস্থিতির মধ্যে আছি। আমরা তালেবানদের আক্রমণের মধ্যে আছি।'

পাঞ্জশিরের কয়েকটি জেলা তালেবানদের দখলে চলে গেছে বলে স্থানীয় কয়েকজন আন্দোলনকর্মী জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে তালেবানপন্থিদের পোস্ট করা কয়েকটি ভিডিওতে পাঞ্জশিরে তালেবান-বিরোধী আন্দোলনকর্মীদের কাছ থেকে জব্দ করা ট্যাংক ও অন্যান্য সামরিক সরঞ্জাম দেখানো হয়েছে।

তালেবান সরকার ঘোষণার চূড়ান্ত পর্যায়ে রাজধানী কাবুলের উত্তরে পাঞ্জশির উপত্যকায় তালেবান-বিরোধী লড়াই শুরু হয়েছে। আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য ও স্থানীয় মিলিশিয়ারা সেখানে প্রতিরোধ গড়ে তুলেছেন।  স্থানীয় উপজাতীয় নেতা আহমদ মাসউদ তাদের নেতৃত্ব দিচ্ছেন।

আফগানিস্তানের ক্ষুদ্রতম প্রদেশগুলোর মধ্যে অন্যতম পাঞ্জশির। একমাত্র এই প্রদেশটিই তালেবান নিয়ন্ত্রণে নিতে পারেনি। ঐতিহাসিকভাবে তালেবান-বিরোধী এই রাজ্যটিতে দেড় থেকে দুই লাখ মানুষ বাস করেন।

আজ শনিবার বিদ্রোহীদের দখলে থাকা শেষ প্রদেশ তালেবান যোদ্ধাদের দখলে এসেছে, এমনটা শোনার পর বিজয়োল্লাসে গোষ্ঠীটির সদস্যদের আকাশের দিকে ছোড়া গুলিতে কাবুলে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম।

এ প্রসঙ্গে তালেবানের এক মুখপাত্র বিবিসিকে বলেন, 'যোদ্ধাদের উচিত বাতাসে গুলি ছুড়ে উল্লাস না করে আল্লাহকে ধন্যবাদ দেওয়া।'