পাঞ্জশিরে সাংবাদিক হত্যায় পাকিস্তানি ড্রোন ব্যবহারের অভিযোগ

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের পাঞ্জশিরে তালেবান ও উত্তরাঞ্চলীয় জোটের যুদ্ধ চলাকালে জোটের মুখপাত্র সাংবাদিক ফাহিম দাস্তির নিহত হয়েছেন।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।

জোটের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার রাতে পাঞ্জশির প্রদেশের আনাবা জেলায় 'পাকিস্তান বিমান বাহিনীর ড্রোন হামলায়' সাংবাদিক ফাহিম নিহত হয়েছেন।

তবে, উত্তরাঞ্চলীয় জোটের এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান।

আফগানিস্তান জার্নালিস্ট ফেডারেশনের সদস্য ফাহিম দাস্তি সাপ্তাহিক ম্যাগাজিন সুবা-ই-কাবুল'র ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এ ছাড়াও, তিনি আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়নের প্রধান ছিলেন।

ফাহিম তালেবানবিরোধী উত্তরাঞ্চলীয় জোটের মুখপাত্র হিসেবেও কাজ করছিলেন।

আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়নের প্রধান নির্বাহী সুয়াইব ফানা গণমাধ্যমকে বলেন, 'সাংবাদিক ফাহিম দাস্তি বাক-স্বাধীনতার পক্ষে সক্রিয় ছিলেন। তিনি গত আট বছর এই সংগঠনটির সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।'

পাকিস্তান বিমান বাহিনীর ড্রোন হামলায় ফাহিম দাস্তি নিহত হওয়ার অভিযোগ অস্বীকার করে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, 'ফাহিম উত্তরাঞ্চলীয় জোটের দলীয় কোন্দলে নিহত হয়েছেন।'

তিনি বলেন, 'উত্তরাঞ্চলীয় জোটের নেতা গুল হায়দার ও জেনারেল জুরাতের দলীয় কোন্দলে ফাহিম নিহত হয়েছেন।'

ফাহিমের মৃত্যুতে আফগানিস্তানের শীর্ষ সাংবাদিকদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।