পাঞ্জশিরে তালেবান ও প্রতিরোধ ফ্রন্টের মধ্যে সংঘর্ষ চলছে
আফগানিস্তানের পাঞ্জশিরে তালেবান ও প্রতিরোধ ফ্রন্টের মধ্যে সংঘর্ষ চলছে। এতে প্রতিপক্ষের অনেকে হতাহত হয়েছেন বলে দাবি করছে উভয়পক্ষ।
প্রতিরোধ ফ্রন্ট বলছে, পাঞ্জশিরে ভারী হামলায় তালেবানদের পিছিয়ে দেওয়া হয়েছে এবং সংঘর্ষের সময় বেশ কয়েকজন তালেবান সদস্য হতাহত হয়েছেন।
প্রতিরোধ ফ্রন্টের সদস্য ফাহিম ফেতরাত বলেন, 'তালেবান চার দিক থেকে আক্রমণ করলেও পাঞ্জশিরে প্রবেশ করতে পারেনি।'
ফাহিম ফেতরাত বলেন, 'জাতীয় প্রতিরোধ ফ্রন্ট কয়েকশ তালেবান সদস্যকে নিহত, আহত ও গ্রেপ্তার করেছে। তালেবানের ১০টি সাঁজোয়া গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তারা গুলবাহার ও জাবাল সারাজের কয়েকটি এলাকা হারিয়েছে।'
এদিকে, তালেবান তাদের সদস্যদের হতাহতের কথা অস্বীকার করে বলেছে তারা বিভিন্ন দিক থেকে পাঞ্জশিরে অগ্রসর হয়েছে।
তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য আনামুল্লাহ সামানগানি বলেন, 'মুজাহিদিনরা তখরের ওয়ারসাজ ও বাদাখশানের কিরণ ওয়া মনজান জেলা থেকে পাঞ্জশিরের পারিয়ান জেলায় অগ্রসর হয়েছে এবং তারা সেখানে মিলিত হয়েছেন। মুজাহিদিনরা কাপিসার দিক থেকেও পাঞ্জশিরের দিকে অগ্রসর হয়। পাঞ্জশির শটুল জেলার কেন্দ্রীয় এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে।'