পাকিস্তান সীমান্তে গুরুত্বপূর্ণ বর্ডার পোস্ট দখলের দাবি তালেবানের
আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে একটি গুরুত্বপূর্ণ বর্ডার পোস্টে নিজেদের পতাকা উত্তোলন করে সেটি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তালেবান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে কান্দাহারের কাছে স্পিন ক্রসিংয়ের ওপর তালেবানের সাদা পতাকা উত্তোলন করা হয়েছে।
বিবিসি জানায়, বিনা প্রতিরোধে সীমান্ত পার হওয়ার দাবি করেছে তালেবান। তবে আফগানিস্তানের কর্মকর্তারা তালেবানের হাতে ওই সীমান্ত চৌকি নিয়ন্ত্রণের বিষয়টি অস্বীকার করেছেন।
অন্যদিকে, পাকিস্তানের কয়েকজন কর্মকর্তা তালেবানের ওই পোস্ট দখলের তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তানের পক্ষ থেকে সাংবাদিক ও জনসাধারণকে সীমান্তের কাছে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। সেখানে একটি জরুরি নিরাপত্তা বৈঠক চলছে পাকিস্তানি কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর আফগানিস্তানে ব্যাপক আক্রমণের মাধ্যমে ইরান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সীমান্তের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রসিং দখলে নিয়েছে তালিবান যোদ্ধারা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্ধারিত সময়সীমা ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পরই তালেবান জঙ্গিরা দেশজুড়ে দখল নিতে শুরু করেছে। মার্কিন সেনা প্রত্যাহারের পর বড় বড় শহরের সড়কপথও নিয়ন্ত্রণে নিয়েছে তারা।
এক বিবৃতিতে তালিবানের জবিহুল্লাহ মুজাহিদ স্থানীয় ও ব্যবসায়ীদের তাদের ‘সুরক্ষার নিশ্চয়তা’র দেওয়ার কথা জানিয়েছেন। তবে আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান এএফপি নিউজ এজেন্সিকে বলেছেন যে ‘সীমান্তের কাছাকাছি কিছু আন্দোলন চলছে ... আমাদের নিরাপত্তা বাহিনী এই হামলা প্রতিরোধ করেছে।’