পাকিস্তানে বিলাসবহুল হোটেলের কাছে বিস্ফোরণে ২ পুলিশ নিহত
পাকিস্তানের কোয়েটা শহরের সেরেনা হোটেলের কাছে রবিবার সন্ধ্যায় একটি বোমা বিস্ফোরণে কমপক্ষে দুজন পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর আট জন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি এক বিবৃতিতে বলেন, তানজিম চকের কাছে পুলিশের একটি ভ্রাম্যমাণ দলকে লক্ষ করে বিস্ফোরণে চারজন পথচারীও আহত হয়েছেন।
তিনি জানিয়েছেন, বোমাটি একটি মোটরসাইকেলের সঙ্গে লাগানো ছিল।
আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
তিনি এই হামলার নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসীরা বেলুচিস্তানের শান্তি বিঘ্নিত করতে চায় এবং তারা আতঙ্ক ছড়াতে চায়।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ বেলুচিস্তানে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হলে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনব।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খানও এই হামলার নিন্দা জানিয়েছেন এবং দুই পুলিশ কর্মীর নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলো প্রদেশের শান্তি নষ্ট করতে চায়। আমরা কখনোই তাদের জঘন্য পরিকল্পনায় সফল হতে দেব না। এক বিবৃতিতে তাকে উদ্ধৃত করা হয়েছিল।