পাকিস্তানে বাসে বিস্ফোরণ, ৯ চীনা নাগরিকসহ নিহত ১৩
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় দুর্গম এলাকায় একটি বাসে বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয় চীনা নাগরিক এবং পাকিস্তানের দুজন সেনা সদস্য রয়েছেন বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
বিস্ফোরণের ফলে বাসটি পার্শ্ববর্তী গভীর খাদে পড়ে যায়। রাস্তার পাশ থেকে বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে, না বাসের ভেতর থেকেই বিস্ফোরণ ঘটানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পাকিস্তানে চীনা দূতাবাস এক বিবৃতিতে নয় চীনা নাগরিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
বিস্ফোরণটি যেখানে ঘটেছে, সেই খাইবার-পাকতুনখাওয়া প্রদেশের শীর্ষ পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর জেনারেল মোয়াজ্জেম জাহ আনসারি জানান, নিহতদের মধ্যে দুজন সেনা ও স্থানীয় দুজন আছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
হাজারা অঞ্চলের ঊর্ধ্বতন এক প্রশাসনিক কর্মকর্তা রয়টার্সকে জানান, বাসটিতে ৩০ জনেরও বেশি চীনা ইঞ্জিনিয়ার ছিলেন। যাদের উপার কোহিস্তান এলাকার দাসু বাঁধ নির্মাণ স্থলে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানকে দ্রুত তদন্তের তাগিদ দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।