পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট, ৯০ দিনের মধ্যে নির্বাচন

স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে দেশটির জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট ড. আরিফ আলভি।

আজ রোববার সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

এক টুইটে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফারুক হাবিব জানান, আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে, সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার।

একইসঙ্গে তিনি অধিবেশনের শুরুতে আকস্মিকভাবে স্পিকার আসাদ কাইসারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।

পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দেন।

অর্থনৈতিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে ইমরান খানের জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীদলগুলো। একপর্যায়ে গুরুত্বপূর্ণ এক শরিক বিরোধী শিবিরে যোগ দিলে জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারায় সরকার।

এককভাবে জাতীয় পরিষদে ইমরান খানের পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতার সংখ্যা ১৫৫ জন। সরকার গঠনে প্রয়োজন ১৭২ জন আইনপ্রণেতার সমর্থন।