পাকিস্তানে শক্তিশালী গ্যাস বিস্ফোরণে নিহত ১০

স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে শক্তিশালী গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।

আজ শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করাচির ট্রমা সেন্টারের চিকিৎসক সাবির মেমন জানিয়েছেন, শনিবারের ঘটনায় আহতদের মধ্যে কমপক্ষে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) পাঠানো হয়েছে।

পুলিশের মুখপাত্র সোহেল জোখিও বলেছেন, সম্ভবত শহরের শেরশাহ এলাকার একটি ব্যাংক ভবনের নিচে নর্দমায় জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় আশপাশের ভবনের জানালা ভেঙে পড়ে। এছাড়া, পার্ক করা গাড়ি এবং মোটরসাইকেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জোখিও জানান, কী কারণে গ্যাস বিস্ফোরিত হয়েছে তা এখনো পরিষ্কার নয়, তবে বিস্ফোরক বিশেষজ্ঞদের একটি দলকে তদন্তের জন্য তলব করা হয়েছে।

করাচির প্রশাসক মুর্তাজা ওয়াহাব টুইট করেছেন, বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।