পাকিস্তানে এবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানে বিরোধী দলের সদস্যদের একটি প্রতিনিধি দল জাতীয় পরিষদ সচিবালয়ে স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। জিও নিউজের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, গতকাল শনিবার জমা দেওয়া ওই অনাস্থা প্রস্তাবে বিরোধী দলেন ১০০ জনেরও বেশি সদস্য স্বাক্ষর করেছেন। এর মধ্যে আছেন- আয়াজ সাদিক, খুরশীদ শাহ, পিপিপির নাভিদ কামার এবং জেইউআই-এফ-এর শাহিদা আখতার আলি।

নিজের টুইটারে তার একটি কপি শেয়ার করেছেন পিপিপি চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি ক্যাপশনে লেখেন 'বিস্ময়' এবং স্পিকার এবং প্রধানমন্ত্রী ইমরান খানকে ট্যাগ করেন।

এর আগে, গত মার্চে কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম খান সুরির বিরুদ্ধে 'পক্ষপাতদুষ্ট মন্তব্যে' ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের সিদ্ধান্ত নেয় বিরোধী দল।

সংশ্লিষ্ট সূত্রগুলো জিও নিউজকে জানিয়েছে, শতাধিক সদস্য স্বাক্ষর করা স্পিকার ও ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের খসড়া বিরোধী দলের নেতাদের কাছে পাঠানো হয়েছে।

অনাস্থা প্রস্তাবের খসড়া অনুযায়ী, জাতীয় পরিষদের স্পিকার এবং ডেপুটির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ আনা হয়েছে। এই দুজন দলের নির্দেশ অনুযায়ী হাউস পরিচালনা করছে এবং নিরপেক্ষ থাকার পরিবর্তে তারা বিরোধী দলের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট মনোভাব দেখাচ্ছেন।

এতে আরও বলা হয়, আসাদ কায়সার ও কাসিম খান সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অনুষ্ঠিত দলীয় বৈঠকে অংশ নিচ্ছেন।