‘পাকিস্তানে আজকের ঘটনার সঙ্গে সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই’

স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানের পার্লামেন্টে আজ যা ঘটেছে তার সঙ্গে সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) ডিরেক্টর জেনারেল (ডিজি) মেজর জেনারেল বাবর ইফতিখার। আজ রোববার তিনি জিও নিউজকে এ কথা বলেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আজকের রাজনৈতিক ঘটনায় সামরিক বাহিনীর জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে আইএসপিআরের ডিজি স্পষ্টভাবে কোনো ধরনের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, 'একেবারেই না'।

আজ দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে পার্লামেন্ট ভাঙার অনুমোদন দেওয়ার পর চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আইএসপিআরের ডিজি এ মন্তব্য করেন।

এর আগে, পার্লামেন্টের ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির জন্য অনুষ্ঠিত অধিবেশন স্থগিত করার রায় দেন। তিনি এটিকে 'অসাংবিধানিক' হিসেবে অভিহিত করেন।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে।

অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে ইমরান খান সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তিনি রাষ্ট্রপতির কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব পাঠিয়েছেন এবং পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন।