পাকিস্তানের ‘পরমাণু বোমার জনক’ আব্দুল কাদের খানের মৃত্যু

স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানের 'পরমাণু বোমার জনক' ড. আব্দুল কাদের খান মারা গেছেন। আজ রোববার সকালে ইসলামাবাদের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ডন'র প্রতিবেদনে জানানো হয়, আব্দুল কাদের খানকে ইসলামাবাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ভোরে তার স্বাস্থ্যের অবনতি হয়। পিটিভি জানিয়েছে, ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে স্থানান্তরিত হওয়ার পর পরমাণু বিজ্ঞানী মারা যান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, 'পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে আব্দুল কাদের খানের অবদান গোটা জাতির কাছে অপরিসীম।'

তিনি আরও বলেন, 'এটি আমাদের আগ্রাসী অনেক বড় পারমাণবিক প্রতিবেশীর বিরুদ্ধে নিরাপত্তা দিয়েছে। পাকিস্তানের জনগণের কাছে তিনি ছিলেন জাতীয় আইকন।'