নতুন আফগান সরকারের নেতৃত্বে মোল্লা বারাদার

স্টার অনলাইন ডেস্ক

 

নতুন আফগান সরকারের নেতৃত্বে থাকছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা বারাদার। খুব দ্রুতই দেশটিতে নতুন মন্ত্রীপরিষদ ঘোষণা করা হবে।

আজ শুক্রবার তালেবানের কয়েকটি সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তিনটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান বারাদারের সঙ্গে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই।

পরিচয় গোপন রাখার শর্তে তালেবানের এক সদস্য রয়টার্সকে বলেন, 'শীর্ষ নেতারা ইতোমধ্যেই কাবুলে পৌঁছেছেন। সেখানে নতুন সরকার ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।'

আরেকটি সূত্রে জানা গেছে, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ধর্মীয় বিষয় এবং ইসলামের আলোকে শাসন পরিচালনায় বিষয় দেখাশোনার দায়িত্ব পেতে পারেন।

আজ শুক্রবার জুমার নামাজের পর আফগানিস্তানে নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে পারে তালেবান। দুই তালেবান সূত্রের বরাতে এএফপি'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।